তুমি আমার নসীবে নেই
আমি লিখতে ভুলে গেছি
এখন খালি সমুদ্রের পাড়ে ঢেউ অনুবাদ করি
বৃষ্টি বাজাই
আর কভু লটারি জেতার স্বপ্ন দেখি।
সবাই পলিটিকাল হয়ে গেছে
এই দল না হলে ওই দল
আমি সামুদ্রিক বাতাসের টানে ছুটে এসেছি
তোমার কাছে।
দিকপালদের যদি মতি ফেরে
না কি দিকভ্রান্তরাই সব দিগগজ
শিগগিরই সব পালটে যাবে
সেই আশায় বৃষ্টি বাজাই।
আশা নিয়েই বেঁচে থাকা
আশাই বেঁচে থাকা, এ আর কে না জানে প্রিয়তমা
আমার হৃদয় জুড়ে আছো তুমি
তুমি আমার কিসমত মে নেহি।
তুমি আমার হৃদয় জুড়ে স্বপ্নদুয়ারে
মেঘের ভাসানে, ঢাকের তালে
যেমন মধুসূদনের জন্য রাধিকা
কিন্তু তুমি আমার নসীবে নেই প্রিয়তমা।
একটু দূরে জলসার সুর মিলিয়ে যাচ্ছে
আমি ভেসে ভেসে যাচ্ছি সমুদ্রের কাছে
ঢেউয়ের গান শুনব বলে
আমি সঙ্গ দেব, বৃষ্টি বাজিয়ে।
আজকে কারা যেন চাঁদে পা রাখবে
কত কিছু দেখা বাকি এ পৃথিবীর
বাইরের দিকে নজর দেওয়া উচিৎ না নাকি এ ধরা বর্জ্য?
ত্যাগের বিনিময়।
ছোত্ত বেড়ালি এসেছে একটু খেতে
আদর ছাড়া কিছুই নেই এখন
সিগারেট খাবি বিল্লি?
আয় বোছ বোছ! তোকে ইস্তানবুলের স্বপ্ন দেখাই...
মিথ্যা পরিচয়ের আড়ালে লুকিয়ে শান্তি খুঁজে পাওয়া বড়ই কঠিন
অথচ কখনও লুকানো অপরিহার্য অনুষঙ্গ
তালপাখা বুনছে এক দাদুবুড়ো...
বুড়ি হাওয়া খাবে, বুড়োকেও হাওয়া করবে।
আশা নিয়েই বেঁচে থাকা এ সাধারণ জীবনে
তুমি আমার হৃদয় জুড়ে স্বপ্নদুয়ারে
যেমন মধুসূদনের জন্য রাধিকা
তুমি আমার নসীবে নেই প্রিয়তমা।
কে একটা তাড়া দিতে এলো
হাই টাইড, উঠে পড়তে হবে
আকাশটা আমার মাথায় নেমে এসেছে
সর্বদাই কালো পাথরে ঘষটে চলে শামুক।
Comments
Post a Comment