Posts

Showing posts from June, 2026

প্যালেস্তাইন (+২)

আরেকটা সূর্য ফেটে পড়ল আকাশ জুড়ে চির অন্ধকার আলোর অস্তিত্বহীন এক দুনিয়ায় ছোট্ট মেয়েটা দুধের শিশু ভাইকে কোলে বেরিয়ে এলো ডেব্রিসের ভিতর থেকে এসে দেখল কালো রক্তের বৃষ্টি হচ্ছে আকাশ থেকে নাকে রক্তের গন্ধ  কূলকিনারা না বুঝে সেও ছোট ভাইটার সাথে হাপুসনয়নে কাঁদতে লাগল ভাইও কাঁদে সেও কাঁদে কেন কান্না থামাতে আম্মি আসবে না? ওদিকে দিদি গায়ে কোলের শিশু আর বোমা বেঁধে চলেছে আল্লাহর কাজে কিছু না বুঝেই মেয়েটা হঠাৎ চোখ মুছে ফেলল কেন জানি না তার মনে হলো আর কেউ আসবে না ভাইটাকে জল খাওয়াতে হবে নিজেও খাবে কালো ধোঁয়া ভেদ করে আবার সূর্য দেখা দিল আকাশে  তুমি আছো?  আমরা যে তব ব্রাত্য, কিন্তু শুধুই আমরা নয় ঈশ্বরপুত্র যিশুও কেঁদেছিলেন ক্রুশের শেষ বেলায় হায়, "ঈশ্বর! আমার ঈশ্বর তুমি কি ভুলে গেছো আমায়!"  ঈশ্বর তুমি কি ভুলে গেছো আমায়? মিসাইলের রেখে যাওয়া ধূলায় ছিন্নভিন্ন দেহের স্তূপ “আমাদেরও কি আছে কোন দাম! কোন ইতিহাস, বঞ্চিতদের গান?”  

মা

কোটি কোটি সমান্তরাল জনমে আমি তোমারই জন্য কেবল এসেছি তোমার সাথেই খেলেছি ধূম্রধূমায়িত ফ্যান ভাতের গন্ধে ছুটে গিয়েছি মা তোমারই কোলে। কোন অভাব বোধ করিনি ভাইবোনেদের তোমার হাতে মাখা নুনভাত খেয়ে একই রূপকথার গল্প বারবার শুনে  আমি একাই মা তোমার কোলজুড়ে ধূম্রধূমায়িত স্মৃতির মত ভেসে আছি।  কোটি কোটি সমান্তরাল জনমে মানব ছানা হয়ে বা বিড়াল শাবক হয়ে বারে বারে  মা তোমারই কোলে জন্মেছি আমি কিছুই চাইতে হয়নি, কারণ কিছুই ছিল না সবই তবু পেয়েছি আমি মা।  তুমি যবে যাবে শবে আমি তাকিয়ে দেখবো আকাশে  তোমার হাতছানির অপেক্ষা করব কোটি কোটি সমান্তরাল জন্মে মানব ছানা হয়ে বা বিড়াল শাবক হয়ে বারে বারে মা আমি তোমারই কোলে জন্মাবো।  #২ মরণের তীরে দাঁড়িয়ে,  বারেবারে আমি তোমারই ছেলে হবো, মা বারেবারে আমি তোমারই কাছে আসবো  তোমারই কোলে খেলব মা।  বেশি কিছু না সন্ধ্যায় একটু রুটি তরকারি আর ঠাকুরমার ঝুলি  দিনে স্কুল আর বিকেলে খেলার মাঠ একক সন্তানের সর্বক্ষণের খেলার সাথি মা বেশি কিছু ছিলও না, বেশি কিছু চাইও নি বারেবারে তুমিই হও আমার মা।