মাকড়সা
হুহু ফাঁকা সাদামারা দেওয়ালে
সরীসৃপের ফাঁপা, সর্বগ্রাসী গিলে খাওয়া অস্তিত্বকে অস্বীকার করে
নিজের লালা, শ্রম, শিল্প দিয়ে
মাকড়সাটা গড়ে তুলেছিল একটা ঘর
কারোর যাতায়াতের পথে বাধা সৃষ্টি করেনি
সৃষ্টি করেছিল এক জালের উপনগরী পুরো ঘরটাই মানুষটার
পুরো বাড়িটাই তার
দেওয়ালের এক কোণ তবু মাকড়সাকে ছাড়তে পারল না সে
তিলতিল করে গড়ে তোলা কারুকার্যময় জালিকাকে ঝুলঝাড়ুতে জড়িয়ে নিল
মাকড়সাটা চুপচাপ চলে যাচ্ছিল
তাকে ভ্যাকিউম দিয়ে টেনে নিল
অথচ প্রত্যহ কত কুমির মানুষকে টেনে নিয়ে যায় তাদের কিছু করতে পারবে তুমি?
কুমির হাসে, সে শক্তিমান
মাকড়সার গরীব বস্তি ওপড়ানোর জন্য কাউকে কৈফিয়ত দিতে হয় না...
Comments
Post a Comment