ছাইয়ের জীবনী
তোকে প্রায়ই স্বপ্নে দেখি
প্রায়ই দেখি তোর জন্য দেওয়াল ডিঙ্গিয়ে, পাইপ বেয়ে
আরও কত কি বোকাবোকা হিরোগিরি করছি আমি
একটা সন্ধ্যে অন্ধকার মিশ্রিত সময় থাকে
সব সময় স্বপ্নগুলোয়।
তোকে ফেসবুকে খুঁজে বেড়াই
পেয়ে গেলে তো মিটেই যেত
আর এই কবিতাটা বেকার কেন সময় নষ্ট?
ঘুম ভেঙে উঠে ভাবি
কাকে ভুলে গেছি
কাকে ভুলে গেছি
কে যেন কে যেন...
তোর গলাটা যদি একবার শোনা যেত...
তোকে প্রায়ই স্বপ্নে দেখি
হাই স্কুল প্রেম
না প্রেম ছিল কি ওটা?
না প্রেম না, প্রেম ছিল না
ভালো লাগার বয়সে ভালো লাগা ক্রাস খাওয়া এইসব
তা হলে আজ ৩০এ এসেও কেন স্বপ্নে দেখা?
এসব বড় ন্যাকা ন্যাকা
আমার একদম সহ্য হয় না
তুই চলে যা, মাথা থেকে বেরিয়ে যা।
জ্যোতিষী বলেছে বিয়ে না করতে
আমি বললাম যদি তোকে একবার পেতাম তবে...
"পাবে না, তাই একক জীবন কাটানোই ভালো তোমার"
শুধু তোকেই চাই
যদি পেতাম তোকে সেই হাই স্কুলের মত?
ইনোসেন্ট কামগন্ধহীন
নিখাক
ভালোলাগাতে?
তোকে স্বপ্নে দেখি প্রায়ই
বহু বহু বছর ধরে দেখে চলেছি
এখন আমাকে দেখলে চিনতে পারবি না
মোটা হয়ে গেছি অনেক
সাদামাটা জীবন আমার
কিছুই নেই কিছুই না
দেখলে আর দেখতে চাইবি না
কিন্তু তোকে আজও দেখি আমি
স্বপ্নে
দেওয়াল ডিঙ্গিয়ে পাইপ বেয়ে হিরোগিরি করে তোর কাছে যাই
কিন্তু তোকে কাছে পাই না স্বপ্নে
তুই সরে সরে যাস
বা অন্য একটা স্বপ্ন চালু হয়ে যায়...
তোর উৎফুল্ল "হাইই" গুলো আজ হন্ট করে আমায়
যে সময় ফিরে আসবে
সময় যে ফিরে আসবে না
তা মনে করিয়ে দেয়
মনে করিয়ে দেয় সময়
ভালোবাসা বোধহয় একেই বলা হয়
নিষ্কাম, বাসনাহীন
শুধু একটু দেখতে চাওয়ার তাগিদ
একটা বিষন্ন মুষলধারা বৃষ্টির সন্ধ্যায়
জাস্ট একটু হাত ধরার ইচ্ছায়....
তোকে স্বপ্নে দেখি আজও
Comments
Post a Comment