খোঁজ
কি বা আছে দেওয়ার তার?
নগ্ন নারীদেহ পড়ে আছে, সে কথা বলে
তার কথা আছে, প্রাণ নেই।
আমি প্রেম জমিয়ে যাই
ওপারে নিয়ে যাবো, কর্মফলস্বরূপ পাবো পরের জন্মে
বাবা বলেছিল, "ভালোবাসাটা বিলিয়ে দিতে হয়, এক জনের জন্য রেখে কি হবে?"
বাবা নক্সাল ছিল
শেষ জীবনে পরজন্মের ভয় ঢুকেছিল
মা চেয়েছিল আমি ছোটই থাকি।
কি বা দেবে সে আমায়
ঘর-সংসার শাদি-সন্তান
নগ্ন স্তন-যোনি ভালোবাসা
তার কথা আছে অনেক, অন্তর নেই
আমি ভালোবাসা বিলিয়ে দিয়েছি, প্রতিটা খড়কুটো
পিঁপড়ে আরশোলায়
যাদের মাড়ানোর আগে-পরে কেউ ভাবেও না
মা চেয়েছিল আমি ছোটই থাকি
বাবা ছিল নক্সাল।
আমার ভালোবাসা বৃষ্টি হয়ে ঝরে পড়েছিল
আফ্রিকার রুগ্ন শিশুদের মুখে,
তারা আমাকে দেখেনি -
দেখেছিল শ্বেতাঙ্গিনীর হাতে মিনারেল ওয়াটারের বোতল
দুফোঁটা করুণা খুলেছিল ছটা এনজিও
সাংবাদিকের ক্যামেরা প্যান
বাবা নক্সাল ছিল, মা গাইতো রুদালিদের গান
আমি ছোট ছিলাম
পোকারাও পেয়েছিল আমার ভালোবাসার ভাগ।
সে কি দেবে আমায়? তার কথা আছে, নাই প্রাণ
আমি এ জীবনে কিছু কর্ম জমালাম
কিন্তু ফলে কেবল আকাশপাখির অধিকার
গীতায় পড়েছিলাম
তাই ভালোবাসা বিলিয়ে দিলাম
আমার সাথে গাইল সারা বেতারতরঙ্গ
আকাশবাতাস ফাটিয়ে কবির সুমন
গাইলেন শেষ গান
ছোট আমি। বিদায় দিলাম।
কাগজওয়ালাকে পুরনো বই বিক্রি করে দিলাম
"আপনাদের সব বই বেচে আমাদের একটা বইও হবে না"
আমি ছোট ছিলাম, তাই মর্মার্থ পরে বুজব বলে
জমিয়ে রেখেছিলাম
বাড়িতে খোলা দেওয়াল লাইব্রেরি করেছিলাম
'যদি চোরে এসে বই চুরি করে পড়ে'...
আমি ইউটোপিয়ান
কারা কারা সব বলেছিল, "বড় হতে হলে, অনেক বড় হোস"
সবটা বুঝিনি,
যৌবনের টানে গেয়েছিলাম ভালোবাসার গান
বড় হয়ে, বিলিয়ে দিলাম।
Comments
Post a Comment