প্রান্তিক পুরাণ ১

রথ আগে বাড়াও সারথি
ঘুম পুরনো হয়ে গেছে
হাজার একটা প্রতিশ্রুতি আর অভিশাপ সন্তাপ
মহারথীদের জন্য অনুকম্পা অনেক শুনলাম
এবার বলো সাধারণ সৈনিকদের কথা
যারা ভেড়া ছাগলের ন্যায় মরল
নামহীন
বিরামহীন 
যাদের লাশের অন্তিম শ্রদ্ধা জানালো মাছি আর শকুন
না হে না, 
আমি মহাকাব্য লিখিনি কখনো
আমি বীরগাথাও লিখবো না
আমি নামহীন সরণির সৈনিকদের গান গাই
বোকাবোকা চালাকচালাক
কেউ স্ট্যান্ডার্ড বেঁধে দেয়নি যাদের। 

আমার বিশেষণ জমিয়ে কাজ নেই
শুনিও না গান্ডিবেত টংকার
কৃষ্ণের শঙ্খের নিনাদ
আমাকে বলো সেই ঘোড়াটার কথা
মানুষের যুদ্ধে যার মৃত্যু হলো
কেউ ভাবলোও না যার কথা। 
অনেক শুনেছি রাম রাবণ
ইলিয়াড এর আকিলিস আর হেক্টর
কর্ণের বীরগাথা, সেও তো কক হলো না
এবার আমাকে বলো তাদের কথা 
যারা কিছু না বলেই কারো চোখের জল না ফেলিয়েই চলে গেল...
আমাকে বলো পিঁপড়েদের কথা 
তাদের ভগবানদের কথা
আমাকে বলো সেই ঘোড়াটার কথা 
মানুষের যুদ্ধে যে মারা গেল
শেষবেলায় এক ফোঁটা জলও পেল না মুখে। 



প্রান্তিক পুরাণ ২

আমায় বলো সেইসব প্রান্তিক মানুষদের কথা
যাদের জমি কেড়ে নেওয়া হল
যাদের নিজভূমি থেকে নির্বাসিত করা হল
তাই নিয়ে মিডিয়া হল, রাজনীতি হলো
পার্টি বদলালো, বুদ্ধিজীবীরা নাম কামালো
কিন্তু তারা কোথায় হারিয়ে গেল
আমাকে বলো তাদের কথা
তারা কি বললো? 
আমায় বলো পিঁপড়ের ডিম খেয়ে বেঁচে থাকা সেই সব মানুষদের কথা
তাদের কি তুমি মানুষ ভাবো?
না তারা ওই যুদ্ধের ঘোড়াগুলোর মতই
জানে না কার যুদ্ধ কিসের যুদ্ধ। 
রাজার না, প্রজার গল্প বলো
অনেক হয়েছে রাজপ্রাসাদের সুয়োরানী দুয়োরাণী
অনেক হয়েছে রাক্ষস খোক্কস রাজকুমার
বরং একটা সাধারণ গল্পই বল না দেখি, অসাধারণ করে...

Comments

Popular posts from this blog

মাকড়সা

ভূতের সাথে আড্ডা

নিচুজাত