কালেভদ্রে একেকটা লোক আসে,
এই আমাদের জন্য
বড়লোকদের অনেক অনেক ভগবান
কারণ ভগবান ভালো মন্দ খেতে ভালোবাসে
ফল, দুধ, মিষ্টি
আমরা কোথা থেকে খাওয়াব?
আমরা কারা?
এই যে নাক শিঁটকে ভদ্রমহিলারা তাদের মেয়েদের চেনাচ্ছেন আমাদের,
আমরা কারা?
আমরা মাথায় করে গু বয়ে নিয়ে যাই
মরা পোড়াই
রাস্তাঘাট নর্দমা সাফ করি
কুকুর বেড়ালের পচাগলা দেহ ফেলি
আমরা বাড়িবাড়ি গিয়ে নোংরা তুলি
আমরা কারা?
যারা এত অযৌক্তিক? এত ক্রুদ্ধ?
যাদের কে ছেলের বয়সিরা তুইতোকারি করে?
আর আমরা বলি "স্যার, মাই বাপ, মালিক"?
আমরা কারা?
একটা দুটো লোক আসে আমাদের জন্য
আর তাদের মারার অজুহাত খুঁজে নেয়
ভদ্র সমাজ
মন্দিরে কলা বাতাসা দেওয়া ভদ্র সমাজ
পুরোহিতের মোটা পেটে ঘি ঢালা ভদ্র সমাজ
আমরা কারা?
আমরা সেই সুতপুত্র
রাজা হতে পারলেও নাম পাল্টাবে না
কারণ গোলাপ গোলাপই থাকে
আর গু গুই
কালেভদ্রে একেকটা লোক আসে আমাদের জন্য
তাদের মারার অজুহাত খুঁজে নেয়
ভদ্র সমাজ।
Comments
Post a Comment