নিচুজাত
আমরা মানুষ, তবে ওরা বেশি মানুষ
ওরাই সত্যিকারের মানুষ
ওরা আমাদের মুখে মুতে দিয়ে যায়
আমাদের ঘরকে ওরা বস্তি বলে
আমাদের ঘরের সামনে ওরা হেগেমুতে মাটি উর্বর করে দিয়ে যায়
সেই উর্বর মাটিতে ফসল কিছুই হয় না
আমার ছেলেটা খেতে পায় না
আমার মেয়েটাকে বেচে দিল সেদিন
যে ক'টা পয়সা দিল,
তাতে দুটো মানুষ এক হপ্তাও দু বেলা নুন ভাত হয় নে কো
তারপর আবার মুতে দিল
আমরা মাটিতে শুইবসি
ওদের মুত এসে মুখে ছিটলো
তারপর সেই হেগেমুতে উর্বর করা মাটিতেই ভাত খেলাম
রোজই খাই যেমন।
চকচকে কাঁচের মত কিসব যন্তর ওরা টিপতে টিপ্তে যায়
ইস্মাটফোন না কি বলে
খায় না মাখে, জানি নে কো
আমরাও মানুষ, কিন্তু ওরা অনেক বেশি মানুষ
ওরা আমাদের মুখে মুতে দিয়ে যায়।
ওদের গৃহদেবতার কল্যাণে ওদের সন্তান থাকে দুধেভাতে
আমাদের গরীবের দেবতা নাই
ওদের দুধভাত খাওয়া মোটা সন্তানের মুত দিয়ে
আমাদের সন্তান থাকে মুতে ভাতে
ওদের ভোট হয় বছর বছর
ওদের নেতারা আমাদের মুখে মুতে দেওয়ার সুযোগ পায়
ভোটের পর আবার মুতে দেয়
বছর বছর ফিবছর এই চলে
শুধু মুত আর মুত
মুতের গন্ধে ভরপুর জীবন
একে বেঁচে থাকা বলে না
তাই বোধহয় ওরা আমাদের মানুষ মানুষ বললেও
ঠিক মন থেকে মানুষ ভাবে না।
আমরা কাজ করি রেল লাইনে
ওরা ঘুরতে গিয়ে এসপেরেস টেরেনে বসে হাগে
আমরা সেটা সাফা করি
তারপর মাথায় তুলি বয়ে নি যাই
মানুষ তো বলে,
কিন্তু কই আর যারা মানুষ তারা তো অন্যের গু-মুত ঘিন করে
আমাদের কি ঘিন লাগে না?
কিন্তু আমরা ওদের নোংরা সাফ না করলে ওরা ভালো থাকবে ক্যামনে?
ওদের হাই ডেরেন এসে মেশে আমাদের পানা পুকুরে ডোবায়
আমরা ওই জলই খাই
ওদের গু মুত পেটে মোরা বেঁচে রই
তবু সহি তাই
মরতে বড় ভয় হয় বাবু
আমরাও মানুষ, কিন্তু তোরা বেশি মানুষ কি নে!
Comments
Post a Comment