পালকি
পালকি করে বউ যাচ্ছিল জঙ্গল দিয়ে
ডাকাতের তুলে নিয়ে যাওয়ার ভয় আর রোমাঞ্চ
ডাকাতে তাকে নিয়ে গেলে কেমন হয়?
সদ্যযুবতী ভাবছিল
এই বয়সে এমনটা হয়
সে বলল।
লাল পিঁপড়েরা হাড় বিছিয়ে দিয়ে গেল
এ কি সংসারের গল্প আবার কেন?
সেই রোজনামচা ঢেউয়ের ফেনা,
নোংরা গেলা আর উগড়ে দেওয়া
সমুদ্রের মত জীবন
কিন্তু বিস্তার সামান্য
পর্বত ভাবে সেই সর্বজ্ঞ।
কি হত রে মেয়ে তোর,
ডাকাতটা যদি তুলে নিয়ে যেত?
কি করত তোকে? রোজ আঁশবটির ডগায় ঠোঁট রেখে
তিল চুলকাতে হত না হয়তো
কেবাজানে?
পন্ডিত এসেছে, ঘন্টা নাড়ছে জল-বাতাসা দে গে
আউলের সাথে বাউল লিখে ছন্দ মিলাবে সে
শাস্ত্র মানতে হবে
নাহলে সগগে যাবি ক্যামনা?
মাথায় কাপড় তোল, পায়রার খোপে গিয়ে
বকবকম করগা।
তুই কি ঘোড়ায় চড়া রাজকুমার চাইতি?
বই আর বাস্তব তোর গুলিয়ে গেছে
ঘোড়ায় চড়া ডাকাত পাবি
তুলে নিয়ে গিয়ে কি করে দেবে...
মুখে বলতে পারবি না
ইশ!
লজ্জা কি, মৃদু হেসে ঘোমটা টানলি।
সবাই মিলে নিত তোরে
তখন কি করতি?
অবশ্যি এখনও দিস তাই,
প্রতিবেশিনীর হিংসুক রান্নাঘরে খাবার গরম
রাতে বিছানা তাও কি?
তার চেয়ে বরং মেয়ে তুই পালকি থেকে বেরোস না
ওইখানেতেই আটকে দে সময়ের এই ফস্কাটা
যখন তোকে পায়নি কেউই
ভয়, রোমাঞ্চ আর অবাধ যৌন চেতনা।
Comments
Post a Comment