প্রান্তিক পুরাণ ২

"মোদের কোন দ্যাশ নাই, মোদের কোন দিশা নাই!"

আমাদের কথাও কি লোকে বলবে কোনদিন?
আমাদের গল্প পড়বে বাচ্চারা কিতাবে কাহানীতে? 
আমরা যে হাসতাম, নেশাভাঙ করে গান গাইতাম
বাওয়াল করতাম, বাজনা বাজাতাম, ফসল ফলাতাম, সেই ঘোলা নদীর তীরে 
পলিমাটিতে আমাদের পায়ের ছাপ, আমাদের ঘামের ঘ্রাণ
আমাদের চাপ চাপ রক্তে লেখা রাষ্ট্রবাদ! 
না, আমাদের কোন পতাকা নেই
নেই কোন রাষ্ট্রগান
ইতিহাসও মুছে দেবে আমাদের রক্তে লেখা রাষ্ট্রবিরোধিতার বীরগাথা 
আমরা যে ছিলাম তার প্রমাণ কেবল সময়
আমরা যে আছি তার প্রমাণ আমাদের অভ্যুত্থান
মুক্ত প্রকৃতির লড়াই
না রাজা তোমাকে ভগবান মানিনি, মানবো না কখনো
কাউকে মানবো না প্রভু
ইসলাম যবে এসেছিল, বলেছিলাম কভু
"লা ইলাহা ইল আল্লাহ"
রাজার অহংকার মানবো না তবু
সেই আমবাগান, বাঁশবনের মাঝে আমাদের ছোট ছোট কুটিরগুলো
অপটু এক শিল্পীর ছবির মত
একটু এলোমেলো অগোছালো
বিকেন্দ্রীভূত
সভ্যতার ছোঁয়া লাগেনি আজও 
ন্যাংটো, ন্যাংলা, হাদামুখ, মুখে লাগিয়ে আম খাওয়া
গড়িয়ে রস পড়ে গায়ে, ঘাসবিচুলি শুকনো পাতার খসখসানিতে শুয়ে পড়া
আকাশের নিচে, কোন বইয়ের বাঁধা জীবন না
নৌকার ডালার ঢেউয়ের মত মৃদু উত্তালতা
গাছ থেকে পেড়ে খাওয়া
টাকা না পয়সা না, বাজার কি বুঝি না
কারও কাছে ঝুঁকি না
কারও কাছে নামি না
"লা ইলাহা ইল আল্লাহ"
"লা ইলাহা ইল আল্লাহ"। 


Comments

Popular posts from this blog

মাকড়সা

ভূতের সাথে আড্ডা

নিচুজাত