আয়নার দেওয়ালে
নিজের সঙ্গে কথা বলাটা একটু বেশিই হয়ে যাচ্ছে আজকাল
আগে লুকিয়ে লুকিয়ে নিজের সঙ্গে দেখা হত
ফিসফিস করে গল্প হতো
কেউ না থাকলে ঝগড়া মারামারিও হত
কিন্তু এখন যেখানে সেখানে দেখা হচ্ছে
কথা হচ্ছে
লোকে পাগলছাগল ভাবছে
চিন্তা হয়
এই করতে করতে একদিন ন্যাংটা পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াব না তো?
অবশ্য হলে মন্দ হত না
জীবিত অবস্থায় মুক্তি পেতে গেলে পুরো উন্মাদ হতে হয় বৈকি
নবারুণ দা-উৎপল দা'রা বুঝেছিলেন
তাই টপকে গেলেন তাড়াতাড়ি
এই দেখো আবার নিজের সাথে কথা বলছি
কবিতাও তো নিজের সাথে কথা বলার জন্যই লিখি
অন্যকে পড়িয়ে ভালোমন্দ শোনার কোন আগ্রহ আমার নেই।
Comments
Post a Comment