প্রথম আলো
মনে হয় যুগ যুগ যুগ ধরে
কত জন্ম মরে
আমি ফেলে এসেছি তোমায়...
কালের বন্ধন ছিঁড়ে জীবনের ঋণ জুড়ে
আমি খুঁজেছি তোমায়।
হৃদয়ে স্পন্দন হয়ে জেগে আছো
না পাওয়ার ছাতিফাটা জ্বালা
এ জীবন হেসে খেলে চালিয়েছি তবু আমি
একদিন তোমায় ফিরে পাবো বলে...
না সে প্রেম ছিল না, মোহ মাত্র বলে কাটিয়ে দিয়েছি
সংসারের গারদ ভিজে ন্যাকড়া দিয়ে মুছে পরিস্কার করেছি
কারণ এ ছেড়ে আমার ঘর কই?
এ ঘরে তুমি নেই
প্রিয়তমা
প্রথম আলো যেমন নিশাচরের ভাগ্যে নেই
সেই প্রথম আলোর মত
তুমিও আমার ভাগ্যে নেই...
দুরস্তের সকালে মাঝে মাঝে ওপারের ডাক আসে যেন
দেখি সবুজ জঙ্গলের স্বপ্ন
আফ্রিকার আদিবাসী হাস্যমুখে আমাকে করে আবার স্বাগত
আমার প্রথম মনুষ্য জন্মে এক বৃষ্টিভেজা বিকেলে এভাবেই মিলিয়ে যাবো
অন্য ঠিকানায়।
প্রিয়তমা
আমার ভাগ্যে তুমি নেই
তাই আমাকে জ্যোতিষী বললেন একাই থাকলাম তাই
তোমার প্রতিক্ষায়
জানতাম, কিন্তু মানতাম না
যা হবার তা হবেই
তবু যদি না হয়?
একলা মরিতে ভয় নাই
আছে কেবল রাশি রাশি হতাশা
মহাকাশীয় পরিহাসের পালা
সেখানে সময় ততটাই অসহায়, যতটা সময়ের কাছে আমি
কোটি কোটি তারা আর লক্ষ লক্ষ সৌরজগতের সীমানায় আমি খুঁজেছি শুধু তোমায়
যুগ যুগ যুগ ধরে
কত জন্ম মরে
আমি ফেলে এসেছি তোমায়।
শুধু খারাপটুকু মনে রাখলে ভুলতে সুবিধা হয়
কিন্তু ভুলে কি সুবিধা হয়?
এ ভুলে যাওয়া
স্মৃতির সাথে প্রতারণা বৈ কিছু তো কিছু নয়
মানুষের ভিড়ে আমি ভেসে বেড়াই
একা
সম্পূর্ণ একা
একটি উদভ্রান্ত উল্কার মত
অপেক্ষা কেবল আছড়ে পড়ে শেষ হয়ে যাওয়ার
বা আছড়ানোর আগেই পুড়ে ছাই হয়ে যাওয়ার
নামহীন আনওয়েলকাম
আমি খিদের মধ্যে প্রেম খুঁজি
আমি দয়ার মধ্যে রোম্যান্স খুঁজি
কারণ তুমি নেই
প্রিয়তমা
প্রথম আলোর নরম তোমার মুখের চুম্বন
আমার ভাগ্যে নেই।
Comments
Post a Comment