তুমি যাও

তুমি যাও
তুমি না গেলে আমি পাগল হতে পারব না
কবি হতে হবে
কবি হওয়ার সব উপাদানই পেয়েছি এই ফালতু জীবনে
সময় নষ্ট, দুঃখ, হতাশা, ব্যর্থতা
ছিঁড়ে ছিঁড়ে কাগজের টুকরোর মত নিয়তিকে উড়িয়েছি বাতাসে 
যেখানেই গেছি, লাথ খেয়েছি কব্জি ডুবিয়ে 
রশি কাটা পালের মত সামুদ্রিক ঝড়ে উথালপাতাল উড়ছে জীবন 
কেবল তুমি হাল ধরে আছো শক্ত হাতে
তুমি বাদে কেউই নেই আমার
কিন্তু তুমি কেন ধরে আছো?
তুমি যাও তুমি চলে যাও! 
তুমি না গেলে আমি পুরো পাগল হবো কেমন করে?
ল্যাংটো হয়ে লোককে ভেঙচি কেটে রাস্তায় রাস্তায় ঘুরব কেমন করে? 
এই সুখের ভণিতা করে
সমাজের জঞ্জালকণা হয়ে বেঁচে থাকা আর কতদিন?
কার জন্য এই খাঁচা? খাঁচার বাইরে বাজপাখি ছিঁড়ে খাবে
যেমন খেয়েছে আমার কমরেডদের
বিপ্লব সফল হয়েছে তাদের মৃত্যুতে, আমার জন্য পুঁতিগন্ধময় অবশেষ রয়ে গেছে
ভাত খাওয়া আর হাত ধোয়ার
একেকটা দিন স্বাভাবিকতার অভিনয় করে যাওয়ার
আর সন্ধ্যা রাতে নিয়ন্ত্রিত নেশা করে বাড়ি ফেরার
এ কি জীবন? 
কেবল ঘড়ির ব্যাটারি শেষ করা
কেবল সীজন চেঞ্জ দেখা
বছর ফি বছর নতুন দলের ক্ষমতায় আসা
আমি আর পারছি না প্রেয়সী, এই শেষ বাঁধন তুমি খুলে নাও
তুমি এবার যাও
তুমি আমাকে ছেড়ে চলে যাও
তুমি না গেলে আমি গুলি খেতে ভয় পাবো। 

আরেকবার হুজুগে হলেও রক্তে পেতে দাও বিপ্লবের স্বাদ 
এই দৈনন্দিন রাম আল্লাহর কেচ্ছা কাহিনী 
কাদা ছোঁড়াছুড়ির রাজনীতি আর বারেবারে জামার রং বদলানো, 
স্লোগান বদল করা গরু ছাগলদের একবার চমকে দিই
একবার শালা সব প্রাচীনপন্থীদের নাড়িয়ে দিই
আবার আসুক এক দশক সমূহ পরিবর্তনের 
আসুক এক দশক কবিদের
একটা দশক প্রেম আর বিদ্রোহের 
গিটার হাতে গাইব কলেজ প্রাঙ্গণে 'দি অ্যান্সার মাই ফ্রেন্ড, ইজ ব্লোয়িন ইন দ্য উইন্ড'
তুমি যাও,তুমি না গেলে আমার পাগল হওয়া হবে না। 

Comments

Popular posts from this blog

মাকড়সা

ভূতের সাথে আড্ডা

নিচুজাত