বিড়াল বলছে ম্যাও
গ্যাঁট হয়ে বসে আছে হুলো
রান্নাঘরে
ফ্রিজের সামনে
নিজের খাবারের বাটিটা আগলে
কখন পেটটা একটু খালি হবে, আবার খাবে!
মাঝে মাঝে জুলজুল চোখে এদিক ওদিক দেখছে
আমার ভিতরের বাচ্চা ছেলেটা একটু বিল্লির গোলক নাদুটা চটকাতে চাইছে
বিল্লি বলছে, "ম্যাও!"
কি? খাবার তো দেওয়াই আছে!
"ম্যাও!"
বিল্লি বলছে ম্যাও
বিড়াল ভাষায় একটিই শব্দ, ম্যাও।
একটা অদরকারি কাগজ যেই মুড়ে ফেলেছি ঘরের কোণে
ছুট্টে এসে হুলো গাপ করে ধরেছে
ওটা নিয়ে বল খেলবে
মোবাইল চার্জারের তারটা মাটিতে ঝুলছে
তাই দেখে কামড়াকামড়ি শুরু করেছে
"ম্যাও!"
ওরে ওটা ছিঁড়ে যাবে রে!
"ম্যাও!"
অন্য কিছু নে
আহ! ওখানে উঠিস না, সব পড়ে যাবে যে!
"ম্যাও!"
বিল্লি বলছে ম্যাও
বিড়াল ভাষায় একটিই শব্দ, ম্যাও।
Comments
Post a Comment