কবিতার সৃষ্টি অলসতা
স্বপ্নে জ্বলে চিতা
ঘুম নেই,
বিদায় মূহুর্তে মিউসিক্যাল চেয়ার খেলে ভাঙনের যন্ত্রণা
কবিতা নানা
ফেরা বোধহয়, নাকি বোধ ফেরা
এত ভাবনার অবসরও এক বিলাসিতা।
না দিন না রাত
ইয়াউইর বাগানে পাপাচারীরা করে নতুন পৃথিবীর বাত
জন্মায় আরশোলা, আগুন আর রক্তমাংস রান্না
হারানোর গান গায় নৌকা
বালুচরা ডাকে আমার স্বপ্নের পৃথিবী....
শেষ পরিত্রাণে একটা সন্ধ্যাদীপ
থাকা অথবা না থাকা
প্রতিবিম্বের দূরত্ব মাপা
অদ্ভুত শপথ
অদ্ভুত হাওয়া,
চলে যায়
বয়ে যায়
ভেসে যায় ....
এরপর ঘুম ভাঙে পাখিদের অধিবেশনের রবে
একটা বন্য গল্প শুনে
গল্পে বরাভয়,
শরশয্যা,
অন্ধকার,
রোজনামচা অপরাধ ও শাস্তি
তারপর দেখি অজ্ঞাতবাসে অর্জুন হাই কোর্ট এর ধারে,
একটা চিকচিকে আয়নায় উত্তর খুঁজছে আইনজীবী হয়ে
উত্তর?
কিসের উত্তর?
উত্তর আবার হয় নাকি?
সেই কবেই তা যেন টের পেয়েছিলাম
তারপর রামের প্রতিক্ষায় অহল্যা
কিছুই হে তোমার নয় কেউই হে আপন নয়!
জীবন পাল্টে যায় যেমতি দিন আর রাত....
তবু যাই বসন্ত বাহার
ডাকে সংসার,
রবীন্দ্রগীতির বৈশাখ
ভেতো বাঙালীর হারমোনিয়াম আর পানসে রসগোল্লা
গাছের ছায়া
পাঠশালার মহড়া
ঢেউপাতার জালিকা
মেঘ, প্রতিক্ষা সবই....
ক্রমশ আসে যায়
জীবন গুলিয়ে যায়
এ জীবন আদৌ আমার নয়!
অথচ 'the concept of বিধাতা' সর্বজ্ঞতা প্রসব করে
বলে - ফুটো বিপ্লব সমুদ্রের ঢেউয়ের মতো
কেবলই ফেনার বুদবুদ...
ফোঁটার পর ফোটাঁ বৃষ্টির ভেতরে আজ ফিরে আসার পালা
স্রোতের দর হাঁকানো তাই
মৃত্যুর সীমানায় জন্মবীজ নিয়ে অমৃতের প্রয়াস করতে করতে
আমিই রাহু আমিই মোহিনী
বললেন 'the concept of বিধাতা'।
Comments
Post a Comment