রিফিউজি
ভাবলাম আজ দিনটাকে খুব কাছ থেকে দেখবো
ধূসর কাগজ ওড়াবো
শীতের প্রত্যেকটা শুষ্ক বাতাসের কণা মুখে লাগাবো
কিভাবে আরেকটু বেশী বাঁচা যায়?
কিভাবে সময়কে আরেকটু সময় দেওয়া যায়?
একটু আটকে রাখা যায়
মুহুর্তগুলো
ওইসব তুম হাম হাম তুম মার্কা প্রেমে আমি বিশ্বাসী ছিলাম না কোনদিনই
দরকার মিটিয়েছি
শরীরের দরকার
যা এখনও দরকার
কিন্তু তা বাদ দিয়েও কি কিছু ছিল তবে?
দেওয়া নেওয়ার হিসেব মিটে যাওয়ার পরও কি মনে পড়ে?
আজ দিনটাকে খুব কাছ থেকে দেখলাম
ধুসর কাগজের দিন
স্মৃতি উড়ছে
সুখি মানুষেরা পিকনিক করছে
বিরিয়ানির গন্ধে ধুসরতা ফুসরতা নস্টালজিয়া মস্টালজিয়া সব ফুঃ হয়ে যায়
আমিও চেষ্টা করি কত এদের মত হতে
বিশ্বাস কর, মন থেকে চেষ্টা করি
ফাঁপা মানবদের আমি ঘেন্না না, হিংসে করি
ওদের মত হতে চাই, পারি না
তাই
সুখ স্বপনে আর জড়তায়
জোরে জোরে কথা বলা আর হাহাহিহিতে
হিন্দি গান ফাটিয়ে চালিয়ে সিটি দেওয়াতে
ভদ্রতার ভেক ধরে লেংটামিতে
কবিতায় কেবল নিজের দুঃখ বাড়ানো বুঝলে কিনা?
কবিতা মানে নিজেকে নিজের দুঃখের কথা মনে করিয়ে দেওয়া
মনের দরকার
দেওয়া নেওয়ার খেলা
প্রেম আর কবিতা
বেশিদিন কোনটাই সুখকর না
রোজকার জন্য ভালো খাওয়াদাওয়া, হাহাহোহো
আর মাঝে সাঝে একটু আতুপুত দুখু দুখু করে নেওয়া যাবে খন
কিন্তু আজকের দিনটাকে অনেক কাছ থেকে পেলাম
এক একটা পাতার ঝরে যাওয়া অনুভব করলাম
প্রত্যেকটা ভিটেহীন প্রাণীর কান্না শুনলাম
শুনলাম প্রান্তিক মানুষের গান
(না রাজনৈতিক না)
রৌদ্রহীন আকাশের নিচে কুকুরছানাদের দৌড়াদৌড়ি দেখলাম
একটা অসুস্থ ছানা এখনো ছাইয়ের গাদা ছেড়ে বের হয়নি
তুমি আছো
এসবের মধ্যেই তুমি আছো
তুমি আছো
দেওয়ানেওয়ার হিসেব যখন শেষ হয়
ধুসর শুস্ক স্মৃতির মাঝে তোমাকে খুঁজে পাই
আবার মিথ্যে হয় জাঁহা
বিরিয়ানি, পিকনিক, লাউডস্পিকার, ধেইধেই নাচ
কেবল ঝরা পাতা আর ভিটেহীনতা সত্যি হয়।
Comments
Post a Comment