রাক্ষসী তোর জন্য


শোঁ শোঁ শব্দে চলে যাব হাজার হাজার বছর অন্য সময়ে
সেই রুপকথার অস্তিত্বহীন জগতে
রাক্ষসীদের সন্ধানে...
বধ করতে নয় ঘর করতে 
তাদের স্বপ্নের অনার্যপুত্র হয়ে।
জঙ্গলে
বাদারে
একাকী রক্ষপুরিতে
থাকবে পক্ষীরাজ 
উড়ব বিস্তীর্ণ প্রান্তরের উপর দিয়ে।
জনমানবশুণ্য দ্বীপে
রাক্ষসী সঙ্গে
যতভাবে ঢোকা যায় একটা শরীরের মধ্যে 
রাক্ষসী তোর সঙ্গে
তোর মধ্যে ঢুকবো
একটা অজাগতিক প্রেমিক হয়ে
তোর খোলা চুলের ভয়ার্ত মায়ায়
তোর মিশকালো গহ্বর চোখে
ডুবে ডুবে আরেক জন্মে সাঁতরে আসব
বারেবারে ঝরে যাব তোর অন্তরস্থলে
রাক্ষসী তোর জন্য আমি একটা বাড়ি বানাবো 
মানব নাভি দিয়ে।
পড়ে থাকবো এক বাস ট্রাকের আওয়াজ শুণ্য গভীর বাগানে
ভুতবন আর প্রেতবাদারে
সাদা গাছগুলোর মতো
সারারাত একলা অশরীরী হয়ে
যখন রাক্ষসী যাবে মাংস শিকারে 
আমার শরীর থেকে নুন চেটে খেয়ে 
আমাকে প্রশমিত করে 
জিয়ন কাঠি মরণ কাঠি ছুঁয়ে
পড়ে থাকবো অস্তিত্বহীন হয়ে রাতের পর রাত
সকালে আবার ফিরে আসবো পরমুহুর্তে 
তার মানবীবেশে 
রাক্ষসী তোর সঙ্গে 
আমি কাটিয়ে দেব রুপকথার এক জন্ম।



Comments

Popular posts from this blog

মাকড়সা

বসুন্ধরা

ভূতের সাথে আড্ডা