ভাড়াটে
জীবনের ভাড়া খাটছে শরীর
মেধা ভাড়া খাটছে তত্ত্বের
আত্মা ভাড়া খাটছে ঈশ্বরের
মন ভাড়াটে প্রেমের
ভাড়া খাটছে সবাই
অল্প কটা টাকা হাতে দিয়ে, আর স্বপ্ন দেখিয়ে মুরগি বানিয়ে দেবে চাকরী
সম্মানজনক গোলামী
বদলে নিশ্চিত নিশ্চিন্ত জীবন
ধীরে ধীরে মরার নিশ্চয়তা
কামানো খরচের জন্য
জীবন খরচ করে জীবিকা কামানো।
চাকরি মানে শরীর বুদ্ধি ভাড়া খাটানো
চাকর-ই
শব্দের মাধুকরীতে মুগ্ধ তুমি আর আমি
ধবধবে পোষাক পড়ে তাই সকাল বিকাল ছুটোছুটি।
ভাড়াটে ২
ভাড়াটে বসানো আর তোলার খেলা গোটা দুনিয়া
বসত আর উচ্ছেদ
উচ্ছেদ আর উৎখাত
মাঝে দাউদাউ আগুন দেখি
দেখি বাড়িঘর সব জ্বলছে
প্রাণীরা পুড়ছে
বস্তি উচ্ছেদ হচ্ছে
মানুষগুলো যাবে কোথায়?
মানুষ তো নাকি?
মানবতা ট্যাক্স সাপেক্ষ, সরকারী কাগজ বেশী জরুরী।
ভাড়াটে স্বাধীনতার দেশে
আর যাই চাও, জাস্টিস চেও না
জাস্টিস দিতে পারে কেবল সশস্ত্র বিপ্লববাদই
বন্দুকের নল দেখিয়ে কামায় মাল
পুলিশ আর কিছুই না, পোষাক পড়া ক্রিমিনাল।
লোকগুলো কোথায় যাবে? কোথায় যাবে মানুষগুলো
অন্য মানুষের দেশ
অন্য মানুষের জমি
ডেমোক্রেসি - তাই নিজের শোষক কে ভোট দিয়ে আনতে পারবে তুমি।
ভাড়াটে, তুমি মালিক না, কেবল বাড়ি বদলাতে পারো তুমি।
Comments
Post a Comment