অাঁধারের গতি
কালো একটা মহাকাশের বেষ্টনীর মধ্যে
কতগুলো ছোট ছোট লাইট জ্বালিয়েছি আমরা
রাস্তাঘাট আলো করতে
কিন্তু পৃথিবীটা যদি কেড়ে নেওয়া হয়?
এই আলো কোথায় যাবে?
তারারা হয়তো সব মরে গেছে
জ্বলে গেছে
পুড়ে গেছে
এখন কেবল শেষ নিঃসৃত কিরণগুলো আসছে
অপেক্ষা...
এই বুঝি শেষ হয়ে গেল
তারপর পুরো কালো।
কালো আকাশটা ঘিরে আছে শহরটাকে
কতগুলো কৃত্রিম আলো জ্বালিয়ে আমরা নিজেদের ভোলাচ্ছি
"আলোই সত্য, আলোই শিব"
ঘোর অন্ধকার কালী দেখছে
তার লোল জিহ্বা
সাদা দাঁতে অট্টহাস্য
কালোয় কালো গহ্বর গিলছে আলো
আমরা আলোর গতি নিয়ে থিওরি বানাচ্ছি
কতগুলো কৃত্রিম আলো জ্বালিয়ে আমরা নিজেদের ভোলাচ্ছি।
Comments
Post a Comment