বিল্লিকে আমি ইস্তানবুলের স্বপ্ন দেখাই
ক্লসেটে কবিতা লিখি যেমন
মেনিও তেমনি ম্যাও করে সবার অজান্তে
অন্ধকার থেকে এসে অন্ধকারে মিলিয়ে যাই
আমরা দুজনেই।
ছাগলেরা ব্যা ব্যা করে পাড়ায় ব্যাডমিন্টন খেলে
শুয়োরদের রাজনৈতিক ঘোৎ ঘোৎ এ একাকার চায়ের দোকান
আমরা একটু অন্ধকার খুঁজি
আমি আর বিল্লি।
চল তোকে টার্কি নিয়ে যাবো
ওখানে খেতে দেবে সবাই
দুটো মাছের কাঁটার জন্য লাথি খাবি আর কত
হাড় জিরজিরে কাঙাল?
তারপর আমিও বেড়াল হয়ে ওখানেই থেকে যাব
তোর সাথে গা চেটে গদগদ হয়ে ঘুমিয়ে পড়ব দুজনে
ইস্তানবুলের কোন বাড়ির কার্নিশে।
Comments
Post a Comment