বৃষ্টির রাতে প্রহরীর কাজই শ্রেষ্ঠ
মানুষ বাড়ি থেকে যে কেন বেরোয়, বুঝতে পারি না?
কি বাজে একটা দেশ!
গরম!
নোংরা!
দারিদ্র্যের হাহাকার চারিদিকে...
এদের কি চোখেও লাগে না?
তার চেয়ে বাড়ির মধ্যে অনেক ভালো
কালো দেওয়ালে কালো ডিস্টেম্পার
কালো পরদা বরফ ঠান্ডা
ঘরের ভিতরে স্নো পরবে বেশ
বিছানায় থাকবে ইগলু
আর দুরে পোলার বেয়ার
(আমাকে খাবে না কিন্তু!)
দুনিয়ার বাইরে দুনিয়া
ওই পারে গ্রাস গ্রিনার...
কিন্তু গরম গিয়ে যখন বর্ষা আসে
সারা দিন-রাত ধরে রাস্তাঘাটে জল
গাছপালা ভিজছে
এই রকম বৃষ্টির রাতে প্রহরীর কাজই শ্রেষ্ঠ
রেনকোট গায়ে, গামবুট পায়ে, ছাতা মাথায়
একটু মদ আর সিগারেট
হুইসেলটা ঝুলবে আর একটা কুকুর থাকবে
ওকেও রেনকোট আর গামবুট পরিয়ে দেবো চারটে
এই সুখ এস্কিমোদের দেশে নেই
বর্ষার বড় কোন আমেজ নেই।
Comments
Post a Comment